রাকিবুল হাসান, রাজশাহী
মার্চ ১৪, ২০২৬, ০২:৪৪ পিএম
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শনিবার সকাল ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে দেশবাসীকে রক্ষা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। বর্ষা মৌসুম আসার আগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে আমাদের বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখতে হবে।
মন্ত্রী আরও যোগ করেন যে, এই কর্মসূচির জন্য কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন বা লোকদেখানো অনুষ্ঠানের প্রয়োজন নেই। বরং নদী-খাল ও চারপাশ পরিষ্কার রাখতে সবার সম্মিলিত উদ্যোগই আসল লক্ষ্য।
অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিগত ১৭ বছরের জঙ্গল আমাদেরই পরিষ্কার করতে হবে। কে জঙ্গল তৈরি করেছে তা নিয়ে বিতর্কের চেয়ে এখন জরুরি হলো এডিস মশার প্রজননক্ষেত্র যেন তৈরি না হয় তা নিশ্চিত করা।
রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত বুধবার এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রীর দেওয়া আহ্বানের ধারাবাহিকতায় আজ থেকে সারাদেশে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়েছে। পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে এই প্রতীকী পরিচ্ছন্নতার মাধ্যমে রাজশাহীতে মূল কার্যক্রম শুরু হয়।
জেএইচআর