জহিরুল হক রাসেল, কুমিল্লা
মার্চ ১৭, ২০২৬, ০৫:২৯ পিএম
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার পেয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলে নিয়োজিত কর্মীরা।
মঙ্গলবার সকালে কুমিল্লার পৌর উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে করপোরেশনের ৮৩৩ জন কর্মীর প্রত্যেকের হাতে উপহারের এ টাকা তুলে দেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নিজস্ব তহবিল থেকে উপহার হিসেবে ৪১ লাখ ৬০ হাজার টাকা পাঠিয়েছেন।
তিনি বলেন, “নগরীর পরিচ্ছন্নতা কর্মীদের পারিবারিক ও সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব, আর তাদের দায়িত্ব করপোরেশনকে পরিচ্ছন্ন রাখা।” তিনি আরও আশা প্রকাশ করেন, আগামী তিন মাসের মধ্যে কুমিল্লাকে একটি ‘গ্রিন ও ক্লিন’ সিটিতে রূপান্তরের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন চিশতী, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া এবং বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার।
এদিকে ঈদের আগে উপহার হাতে পেয়ে খুশি কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তারা বলেন, কুমিল্লায় সিটি করপোরেশন স্থাপনের পর এই প্রথম ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার পেলাম। তাঁকে ধন্যবাদ জানাই।
এএন