মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়
মার্চ ১৮, ২০২৬, ০৪:২৯ পিএম
পঞ্চগড়ে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করার দায়ে মো. বাবুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া বাজারের ব্যবসায়ী বাবুল ইসলাম তাঁর দোকানে অবৈধভাবে ৭টি ড্রামে প্রায় দেড় হাজার লিটার পেট্রোল মজুত করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মেনজী সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, রাতের আঁধারে তেলের লরি থেকে পাইপের মাধ্যমে ড্রাম ভর্তি করে এই তেল নামিয়ে মজুত করা হতো এবং প্রতি লিটার তেল ১৪০ টাকা দরে বিক্রি করা হতো।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মেনজী জানান, জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা তেল বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী বাবুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেএইচআর