ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার হিসেবে রুহুল কবীর খানের অভিষেক, উন্নত আইনশৃঙ্খলার অঙ্গীকার

ইসলাম রকিব, চুয়াডাঙ্গা

ইসলাম রকিব, চুয়াডাঙ্গা

মার্চ ১৯, ২০২৬, ১২:২০ এএম

চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার হিসেবে রুহুল কবীর খানের অভিষেক, উন্নত আইনশৃঙ্খলার অঙ্গীকার

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন নেতৃত্বের আগমন ঘটেছে। চুয়াডাঙ্গা জেলার ৩১তম পুলিশ সুপার (এসপি) হিসেবে গত সোমবার অপরাহ্নে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস পুলিশ ক্যাডারের দক্ষ ও চৌকস কর্মকর্তা মোহাম্মদ রুহুল কবীর খান। বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়ে তিনি জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা করলেন।

সোমবার বিকেলে মোহাম্মদ রুহুল কবীর খান চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে নতুন অভিভাবককে বরণ করে নেন। এরপর এক আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বিদায়ী পুলিশ সুপার নবনিযুক্ত পুলিশ সুপারের কাছে চুয়াডাঙ্গা জেলার দায়িত্বভার হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণকালে সেখানে এক সংক্ষিপ্ত কুশল বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস ও চুয়াডাঙ্গা জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), আরআই, টিআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

মোহাম্মদ রুহুল কবীর খান দেশের নেত্রকোনা জেলার একটি সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষাজীবন অত্যন্ত উজ্জ্বল ও সমৃদ্ধ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে পেশাগত দক্ষতার অংশ হিসেবে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 'মাস্টার্স অব পুলিশ সাইন্স' (এমপিএস) ডিগ্রি লাভ করেন।

তিনি ২০০৮ সালে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ১৮ বছরের কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ও ইউনিটে অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি একজন সৎ, ন্যায়নিষ্ঠ এবং মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান চুয়াডাঙ্গা বাসীর প্রতি তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। মুঠোফোনে দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধিকে তিনি জানান, তাঁর প্রধান লক্ষ্য হলো চুয়াডাঙ্গার আইন-শৃঙ্খলার আমূল পরিবর্তন এবং পুলিশকে সত্যিকার অর্থেই জনগণের আস্থার জায়গায় নিয়ে যাওয়া। তিনি বলেন, ‘আমি চুয়াডাঙ্গা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত এবং আধুনিক করতে চাই। 

পুলিশি সেবা যেন কোনো মাধ্যম ছাড়াই সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। পুলিশ হবে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু। জনবান্ধব পুলিশিং ব্যবস্থার মাধ্যমে আমি চুয়াডাঙ্গা বাসীর কাছে পুলিশিং সেবাটাকে আরও সহজ এবং বন্ধুত্বপূর্ণ করতে চাই। এজন্য যা যা করার প্রয়োজন, আমি আমার পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।’

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের মানুষকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন নবাগত এই পুলিশ সুপার। তিনি প্রত্যাশা করেন, চুয়াডাঙ্গা বাসী যেন একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন।

একইসাথে, জেলার সার্বিক পরিস্থিতি ও সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আজ বৃহস্পতিবার বিকেলে তিনি চুয়াডাঙ্গায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন। এই সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা উন্নয়ন ও অপরাধ দমনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করবেন বলে আশা করা হচ্ছে।

একজন উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ পুলিশ সুপারকে পেয়ে চুয়াডাঙ্গা জেলার সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকা হওয়ায় মাদক চোরাচালান রোধ, কিশোর গ্যাং দমন এবং যানজট নিরসনে নতুন এসপি কার্যকর পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। পেশাগত দক্ষতায় অনন্য মোহাম্মদ রুহুল কবীর খানের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা পুলিশ একটি মানবিক ও জনমুখী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে, এটাই এখন সময়ের দাবি।

এএন

Link copied!