বান্দরবান প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৬, ০৯:০৩ পিএম
পবিত্র ঈদুল ফিতর ও পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব ‘মাহা. সাংগ্রাই’ উপলক্ষে বান্দরবান সদর উপজেলার খেলোয়াড় এবং প্রয়াত ক্রীড়া ব্যক্তিত্বদের পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সদর উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লুৎফুর রহমান (উজ্জ্বল)-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ. মোমেন চৌধুরী, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন এবং সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উল্লাহ্ ভুইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মারুফা সুলতানা খান হীরামনি বলেন, উৎসবমুখর পরিবেশে ঈদ ও সাংগ্রাই উদযাপন উপলক্ষে খেলোয়াড়দের মাঝে উপহার বিতরণের এই উদ্যোগটি অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয়। এটি ক্রীড়াবিদদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে।
উদ্যোক্তা লুৎফুর রহমান (উজ্জ্বল) জানান, প্রতি বছরই তিনি নিজস্ব উদ্যোগে স্থানীয় খেলোয়াড় ও সংগঠকদের মাঝে এই উপহার পৌঁছে দেন। শান্তি ও সম্প্রীতিকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় খেলাধুলাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের সদস্য, ফুটবল, হকি, সাইক্লিস্টসহ বিভিন্ন ইভেন্টের ২০ জন খেলোয়াড় ও প্রয়াত ক্রীড়া ব্যক্তিত্বদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় দুটি ক্লাবকে বিশেষ ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।
জেএইচআর