হবিগঞ্জ প্রতিনিধি
মার্চ ২২, ২০২৬, ১১:৪০ এএম
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আঞ্জুরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময় একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রভাবে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং পিকআপে থাকা চারজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের চারজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘাতক বাস ও পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেএইচআর