সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
মার্চ ২৪, ২০২৬, ০৬:৩০ পিএম
কুড়িগ্রামের কাঁঠালবাড়ি-ফুলবাড়ীর বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতু নির্মাণের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি বাজারে এই কর্মসূচির আয়োজন করে ‘তৃতীয় ধরলা সেতু নির্মাণ বাস্তবায়ন কমিটি’।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে কাঁঠালবাড়ি, হলোখানা, কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ীসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। কমিটির সদস্য সচিব আরিফুর রহমানের সঞ্চালনায় ও আহ্বায়ক মাহবুবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। এছাড়া আরও বক্তব্য রাখেন সদস্য আশরাফুল হক রুবেল, হলোখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উমর ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ধরলা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় মানুষকে নৌকাভিত্তিক ঝুঁকিপূর্ণ যোগাযোগের ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ চরমে পৌঁছায়। একটি সেতুর অভাবে দুই পারের মানুষের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
বক্তারা আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে নানামুখী উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা হলে এলাকার গরিব ও অসহায় মানুষের জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। বক্তারা অবিলম্বে সেতু নির্মাণের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
জেএইচআর