বাগেরহাট প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬, ১২:২৮ পিএম
সারা দেশের মতো বাগেরহাটেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
ভোর ৫টা ৫৯ মিনিটে বাগেরহাটের দশানীস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ প্রশাসক গোলাম মো. বাতেন। এরপর পর্যায়ক্রমে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব এবং জেলা আইনজীবী সমিতি শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়াও সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বাগেরহাট রেড ক্রিসেন্ট, গণপূর্ত অধিদপ্তর, জেলা বিএনপি ও মহিলা দলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সকাল ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। এ সময় জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিশেষ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকেলের কর্মসূচির মধ্যে রয়েছে জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ।
এছাড়াও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা কারাগার, সরকারি হাসপাতাল, শিশু পরিবার ও এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেএইচআর