ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এশিয়ান গেমস কোয়ালিফায়ারে খেলতে থাইল্যান্ড যাচ্ছেন কিশোরগঞ্জের সাদ

রায়হান জামান, কিশোরগঞ্জ

রায়হান জামান, কিশোরগঞ্জ

মার্চ ২৯, ২০২৬, ০১:৪১ পিএম

এশিয়ান গেমস কোয়ালিফায়ারে খেলতে থাইল্যান্ড যাচ্ছেন কিশোরগঞ্জের সাদ

বাংলাদেশের হয়ে এশিয়ান গেমস কোয়ালিফাইং হকি প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের কৃতি সন্তান আশরাফুল হক সাদ। তার এই অর্জনে জেলার ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়ভাবে তাকে নিয়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

জানা গেছে, ২০২৫ জুনিয়র বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে সাদের যাত্রা শুরু হয়। পরে ২০২৬ সালে এশিয়ান গেমস কোয়ালিফাইং খেলাকে সামনে রেখে মূল জাতীয় দলে ডাক পান তিনি। সম্প্রতি ঘোষিত স্কোয়াডে স্থান পাওয়ার পর আগামী ৩১ মার্চ থাইল্যান্ডের উদ্দেশে রওনা হবেন সাদ। দীর্ঘদিনের পরিশ্রম, একাগ্রতা এবং ধারাবাহিক ভালো পারফরম্যান্সের ফলস্বরূপ তিনি এই সুযোগ অর্জন করেছেন। দেশের বিভিন্ন টুর্নামেন্টে তার নৈপুণ্য নির্বাচকদের নজর কাড়ে, যা জাতীয় দলে অন্তর্ভুক্তির পথ তৈরি করে।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই খেলাধুলা, বিশেষ করে হকির প্রতি সাদের গভীর আগ্রহ ছিল। কিশোরগঞ্জের স্থানীয় মাঠে নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে তিনি নিজের দক্ষতা শানিত করেছেন। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তার অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

সাদের ছোটবেলার খেলার সাথি মাহিয়ান বলেন, “আমরা একসাথে খেলতাম। একজন আরেকজনের ভুল-ত্রুটি নিয়েই কাজ করতাম। দুজনই বিকেএসপিতে পড়েছি। আমি ফুটবল আর সাদ হকি। আজ দেশের হয়ে খেলতে সাদ থাইল্যান্ড যাচ্ছে। আমার বিশ্বাস, সে ভালো করবে এবং দেশ ও কিশোরগঞ্জের নাম উজ্জ্বল করবে।”

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাদ বলেন, “ছোট্ট থেকে স্বপ্ন দেখতাম দেশের জন্য কিছু করব। সেইখান থেকে পরিশ্রম শুরু। আব্বা-আম্মা স্বপ্ন দেখতেন আমি সেনাবাহিনীর অফিসার হবো, তবে আমি ছিলাম কিছুটা ব্যতিক্রম। আমি খেলা ভালোবাসতাম। পড়তে বসলেও মাথায় খেলার স্বপ্নই ঘুরপাক খেত। আজ সেই স্বপ্নই সত্যি হয়েছে। এখন আব্বা-আম্মাও খুশি যে, তাদের সাদ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করছে।”

বাংলাদেশ জাতীয় হকি দলের প্রধান কোচ মোহাম্মদ আতিকুজ্জামান জানান, “সাদ একজন পরিশ্রমী ও সম্ভাবনাময় খেলোয়াড়। তার খেলার ধরন, গতি ও কৌশল আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠছে। আমরা আশা করছি, এই প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্সের মাধ্যমে সে দেশের জন্য সাফল্য বয়ে আনবে।”

সাদের এই অর্জনে পরিবার, বন্ধু-বান্ধব এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের ঢেউ বইছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার এই সাফল্য তাদের জন্য গর্বের এবং তারা সবসময় তাকে সমর্থন দিয়ে এসেছেন। ভবিষ্যতেও যেন সে দেশের জন্য আরও বড় সাফল্য এনে দিতে পারে, এমনটাই প্রত্যাশা সবার।

কিশোরগঞ্জের ক্রীড়াপ্রেমীদের মতে, সাদের এই অর্জন জেলার অন্যান্য তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে। তার সাফল্য প্রমাণ করে, প্রত্যন্ত অঞ্চল থেকেও কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করা সম্ভব।

উল্লেখ্য, ম্যান’স এশিয়ান গেমস কোয়ালিফাইং-২০২৬ হকি প্রতিযোগিতা আগামী ২ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। এতে এশিয়ার বিভিন্ন দেশের দল অংশ নেবে। এই গুরুত্বপূর্ণ আসরে বাংলাদেশের হয়ে অংশ নিতে যাচ্ছেন কিশোরগঞ্জের এই তরুণ হকি খেলোয়াড়।

এএন

Link copied!