ফেনী প্রতিনিধি
মার্চ ৩০, ২০২৬, ০৩:১০ পিএম
ফেনীতে ২৫শে মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ জসিম উদ্দীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের যে চেতনা আমাদের ধারণ করার কথা ছিল, দুঃখজনকভাবে আমরা তা থেকে বিচ্যুত হয়ে পড়েছি।
বর্তমানে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানগুলোর সঠিক কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে পড়ছে। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের বলেন, তৎকালীন জননেতা মরহুম খাজা আহমেদের নেতৃত্বে আমরা ফেনীতে প্রতিরোধ গড়ে তুলেছিলাম। সর্বস্তরের মানুষের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা ছাড়া মুক্তিযুদ্ধে সফল হওয়া সম্ভব ছিল না। মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ একদিনে হয়নি।
জেলা তথ্য অফিসার এস.এম. আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেনী সরকারি কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মনিরুল ইসলাম। অনুষ্ঠানে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম কারিগরি শিক্ষার গুরুত্ব এবং ইনস্টিটিউটের সক্ষমতা তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেএইচআর