কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৬, ০১:১৩ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে পাঁচ মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বাদল মিয়া নামে এক ব্যক্তিকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী, উত্তর লোহাজুরী ও চরকাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে যুবসমাজ বিপথগামী হয়ে পড়ছে।
বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মাদক ব্যবসা বন্ধ না হয়ে বরং দিন দিন আরও বিস্তার লাভ করেছে।
এর ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমে ওঠে। একপর্যায়ে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে উত্তেজিত জনতা পাঁচ মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
ভাঙচুর করা বাড়িগুলো হলো- দক্ষিণ লোহাজুরী গ্রামের সাইফুল ইসলাম (বিলপাড়া), মুহিউদ্দীন কালা ও তার স্ত্রী রোকিয়া বেগম (কাজীর মোড়), আমজাদ হোসেন (বাকশা বাড়ি), উত্তর লোহাজুরী গ্রামের ডিশান মিয়া ও চরকাউনিয়া গ্রামের বাদশা আফ্রাদের বাড়ি।
সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী এলাকার একটি সেতুর ওপর থেকে বাদল মিয়া নামে এক ব্যক্তিকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করে স্থানীয় জনতা। পরে তাকে কটিয়াদী মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক বাদল মিয়া দক্ষিণ লোহাজুরী গ্রামের আইন উদ্দিন বেপারীর ছেলে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, লোহাজুরী ইউনিয়নের লোকজন সোমবার বিকেলে ৪০০ পিস ইয়াবাসহ বাদল মিয়া নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে। তবে মাদক ব্যবসায়ীদের পাঁচটি বাড়ি ভাঙচুরের বিষয়ে তিনি অবগত নন।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ জানান, মাদক ব্যবসায়ীদের বাড়িঘর ভাঙচুর ও আটকের বিষয়ে তিনি অবগত নন।
এএন