ফেনী প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৬, ০৬:২১ পিএম
ফেনী শহরের সেন্ট্রাল হাই স্কুল সংলগ্ন আল-আহাদ চক্ষু হাসপাতাল ও ট্রাংক রোডের মমতা ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সেবার মান সন্তোষজনক না থাকায় বুধবার দুপুরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিষ্ঠান দুটি পরিদর্শনের পর সেবার মানদণ্ডে উত্তীর্ণ না হওয়ার কারণে তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। একইসঙ্গে ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন ও ডা. আমির খসরু। এছাড়া সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাইনউদ্দিনও অভিযানে অংশ নেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, ফেনীর জনগণ যাতে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা সচেষ্ট রয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
জেএইচআর