পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৬, ১১:৪১ পিএম
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রায়হান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান ওই গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রায়হান নিজ বাড়ির পাশে পাকা সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় পূর্বধলা থেকে জারিয়াগামী একটি দ্রুতগতির অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত রায়হানকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেএইচআর