জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ)
এপ্রিল ৪, ২০২৬, ০৫:০৯ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে খরিপ-১, ২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঞা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম ও আউশ চাষের গুরুত্ব তুলে ধরেন।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন এবং পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন।
এছাড়া মসূয়া ইউপি চেয়ারম্যান আবু বাক্কার ছিদ্দিক, মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম ও আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জালাল উদ্দিন কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করার আহ্বান জানান এবং আউশ ধানের ফলন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত কৃষকরা সঠিক সময়ে বীজ ও সার হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
জেএইচআর