গাইবান্ধা প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৬, ০২:১৬ পিএম
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চাঞ্চল্যকর একটি হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার বিকেলে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন উনসত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩ এর জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, র্যাব-১৩ ও র্যাব-৭ এর একটি যৌথ দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আব্দুল আলিম পলাশবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আব্দুল মাবুদের ছেলে।
র্যাব জানায়, আব্দুল আলিমের সঙ্গে চার বছর আগে মিতু নামে এক তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন কারণে মিতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন আলিম ও তাঁর পরিবারের সদস্যরা। নির্যাতনের একপর্যায়ে গত ১২ জানুয়ারি দুপুরে মিতু নিজ ঘরের ধরনার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিতুকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মিতুর বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আলিম পলাতক ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জেএইচআর