চুয়াডাঙ্গা প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৬, ০৮:৪১ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে আতিক নামের তিন বছরের এক শিশু।
বুধবার সন্ধ্যায় দর্শনা রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আতিক চুয়াডাঙ্গার দর্শনা মোবারকপাড়ায় তার নানার বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে এসেছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মামার হাত ধরে ঘুরতে বের হয়েছিল আতিক। দর্শনা রেলক্রসিংয়ের পাশে খেলা করার সময় চুয়াডাঙ্গাগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। আতিকের অকাল মৃত্যুতে তার নানার বাড়িতে শোকের মাতম চলছে। স্বজনদের গগনবিদায়ী আর্তনাদে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেএইচআর