গাজীপুর প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৬, ০২:৩৩ পিএম
জুলাই আন্দোলনের চেতনা ও ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে প্রয়োজনে রাজপথ ও সংসদে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনে যে ঐতিহাসিক সিদ্ধান্তগুলো হয়েছিল, সেগুলোকে দ্রুত আইনি ভিত্তি দেওয়া জরুরি। তিনি অভিযোগ করেন, নির্বাচনে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে জনমতকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা হয়েছে, যা এখন প্রকাশ্য। বর্তমান সরকারে থাকা ব্যক্তিবর্গের কেউ কেউ ফ্যাসিবাদী আচরণ করছেন এবং দলীয়করণ ও আত্মীয়করণের পুরনো চরিত্র ফিরিয়ে আনছেন বলে তিনি মন্তব্য করেন।
গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষ ৮৪টি সংস্কারের পক্ষে রায় দিয়েছে। গণভোটই হলো সর্বোচ্চ আইন। জুলাই সনদ জনগণের ইচ্ছার প্রতিফলন, তাই এর বিরুদ্ধে অবস্থান নিলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দ্রুত সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদকে আইনি সুরক্ষা দিন। অন্যথায় পার্লামেন্ট ও রাজপথ উভয় জায়গায় প্রতিবাদ চলবে।
টঙ্গী পূর্ব থানা আমীর মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব ও অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, বর্তমান প্রজন্ম অন্যায়ের প্রতিবাদ করতে জানে, তাই কোনো স্বৈরাচারী মানসিকতা মেনে নেওয়া হবে না। এ সময় সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেএইচআর