ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৬, ০৩:৫৩ পিএম
শিশুদের হাম সংক্রমণ প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুর মাতৃত্ব কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লক্ষ্য করে দ্বিতীয় পর্যায়ের এই টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর আগে গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে সারাদেশে একযোগে প্রথম পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছিল।
দ্বিতীয় পর্যায়ের মাধ্যমে ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য মহানগরীতেও পর্যায়ক্রমে এই কর্মসূচি বিস্তৃত করা হবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও হাম প্রতিরোধে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং টিকা সহায়তা জোটের আন্তর্জাতিক সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ হলেও সঠিক সময়ে টিকা গ্রহণের মাধ্যমে এটি সহজেই নির্মূল করা সম্ভব। তিনি শিশুদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে অভিভাবকদের প্রতি নির্ধারিত সময়ের মধ্যে টিকা প্রদান নিশ্চিত করার আহ্বান জানান।
বর্তমানে দেশের প্রতিটি মহানগরী ও নির্ধারিত অঞ্চলগুলোতে এই কার্যক্রম পুরোদমে চলছে। সরকার ও সংশ্লিষ্ট স্বাস্থ্য সংস্থাগুলো প্রতিটি শিশুর নিরাপদ টিকাদান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা অস্থায়ী ক্যাম্পগুলোতে শিশুদের নিয়ে এসে দ্রুত টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
জেএইচআর