পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৬, ০৪:২৮ পিএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।
রোববার দিনব্যাপী এই পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের অংশ হিসেবে তিনি পাকুন্দিয়া উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, পাকুন্দিয়া থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানসমূহ ঘুরে দেখেন।
প্রতিটি দপ্তরে গিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সাধারণ জনগণের ভোগান্তি কমাতে এবং দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, “সরকারি সেবার মূল লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। এ জন্য প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং সেবার মানও উন্নত হবে।
তিনি দপ্তরগুলোর বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কেও খোঁজ নেন এবং সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে স্বাস্থ্যসেবা, ভূমি সংক্রান্ত সেবা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস, পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পাকুন্দিয়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক মিস রিফাত জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা সংসদ সদস্যের এ ধরনের সরেজমিন পরিদর্শনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এতে সরকারি সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং জনগণ উপকৃত হবে।
এএন