পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৬, ০১:৪২ পিএম
চট্টগ্রামের পটিয়া উপজেলায় শিশুদের হাম ও রুবেলা রোগ প্রতিরোধে জরুরি এমআর (Measles-Rubella) টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
সোমবার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় প্রায় ৪৫ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত। উপজেলার মোট ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই টিকাদান পরিচালিত হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও ফারহানুর রহমান। তিনি বলেন, হাম ও রুবেলার মতো মারাত্মক সংক্রামক ব্যাধি থেকে শিশুদের সুরক্ষা দিতে এই ভ্যাকসিন অত্যন্ত জরুরি। কর্মসূচি শতভাগ সফল করতে অভিভাবক ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, এমআর টিকা অত্যন্ত নিরাপদ ও কার্যকর। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাই এই ক্যাম্পেইনের মূল শক্তি। শিশুদের উপস্থিতি নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।
উপজেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. শুভ্র দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, উপজেলা তথ্য অফিসার রহমত উল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আকতার হিমুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের মাধ্যমে প্রতিটি অভিভাবককে তাদের সন্তানকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে পটিয়ার প্রতিটি শিশু এই টিকার আওতায় আসবে।
জেএইচআর