রাকিবুল হাসান, রাজশাহী
এপ্রিল ২৪, ২০২৬, ০৩:৩০ পিএম
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) বিভাগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার কেক কাটা ও আনন্দ র্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বদিউল ইসলাম শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে দিবসটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দফতরের উপপরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। পরে একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বদিউল ইসলাম বলেন, দেশে একসময় সিরামিক ও মেটালার্জি শিল্পে দক্ষ প্রকৌশলীর সংকট ছিল। বিভাগটি প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর যোগ্য প্রকৌশলী তৈরি হচ্ছে, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি এই যাত্রায় সহায়তাকারী শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০১০ সালের ২৩ এপ্রিল প্রতিষ্ঠিত এই বিভাগে বর্তমানে ৩ জন অধ্যাপকসহ মোট ১৯ জন শিক্ষক রয়েছেন। অত্যাধুনিক ১০টি ল্যাবরেটরি ও আধুনিক ক্লাসরুম সমৃদ্ধ এই বিভাগটি গত ১৬ বছরে শত শত প্রকৌশলী তৈরি করেছে। বর্তমানে গৃহস্থালি পণ্য থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান সব ক্ষেত্রেই এই খাতের চাহিদা বাড়ছে।
জেএইচআর