চুয়াডাঙ্গা প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৬, ০৪:১২ পিএম
চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু হুমাইরা খাতুন সদর উপজেলার দীননাথপুর গ্রামের হুমায়ুন ইকবাল আহমেদের মেয়ে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব জানান, শিশুটি হামের সংক্রমণ ও উপসর্গ নিয়েই মারা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল হুমাইরাকে ভর্তি করা হয়েছিল। পরে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ায় তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। ২৩ এপ্রিল তাকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হলেও পরদিন সকালে হঠাৎ অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলায় এ পর্যন্ত প্রায় ৫০ জন রোগী এই রোগের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। সংক্রমণ রোধে ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য বিভাগ কাজ করছে।
জেএইচআর