আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৬, ০৯:০৫ পিএম
বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এসএসসি পরীক্ষায় এক বিএনপি নেত্রীর পরিবর্তে পরীক্ষা দিতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন এক কলেজছাত্রী। শুক্রবার দুপুরে বগুড়া জিলা স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
আটক হওয়া শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ঈশিতা বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। শুক্রবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন কক্ষ পরিদর্শক প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার অমিল খুঁজে পান। ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে ঈশিতা স্বীকার করেন যে, তিনি নিপা খাতুনের হয়ে পরীক্ষা দিতে বসেছেন।
পুলিশি হেফাজতে থাকা ঈশিতা জানান, নিপা খাতুন সম্পর্কে তার খালা হন এবং আত্মীয়তার সূত্র ধরেই তিনি প্রক্সি দিতে এসেছিলেন। তবে জালিয়াতির অভিযোগ অস্বীকার করে বিএনপি নেত্রী নিপা খাতুন দাবি করেন, তিনি অসুস্থতার কারণে সামান্য সময়ের জন্য কেন্দ্রে ভাগনিকে বসিয়ে রেখে হাসপাতালে গিয়েছিলেন। তার দাবি অনুযায়ী, পরীক্ষা মূলত তিনিই দিচ্ছিলেন এবং বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, আটক শিক্ষার্থী বর্তমানে থানা হেফাজতে রয়েছে। পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর