চুয়াডাঙ্গা প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৬, ০৪:৫১ পিএম
চুয়াডাঙ্গার ওপর দিয়ে অব্যাহত রয়েছে মৃদু তাপদাহ। তীব্র গরমের সাথে ভ্যাপসা গরমে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। জেলায় ডায়রিয়া ও নিউমোনিয়াসহ গরমজনিত নানা রোগ বৃদ্ধি পেয়েছে। এদিকে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাহা নামে ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মৃত শিশু রাহা চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের সম্রাট আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত শুক্রবার সকালে শিশু রাহাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে গরমজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীদের চাপ বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
সকাল থেকেই উত্তপ্ত হতে শুরু করছে চুয়াডাঙ্গার জনপদ। ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। ঘরে-বাইরে কোথাও স্বস্তি না থাকায় খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শনিবার বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪৭ শতাংশ। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের তীব্রতা ও অস্বস্তি আরও বেশি অনুভূত হচ্ছে।
জেএইচআর