উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৬, ০১:৪৯ পিএম
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে ঝরনা (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ।
নিহত ঝরনা উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্বধামসর গ্রামের পরিতোষ শিয়ালীর মেয়ে এবং মুন্ডপাশা গ্রামের প্রবাসী অভি মাঝির স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঝরনার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। এ সময় শ্বশুর নীরা মাঝি ও দেবর শুভাশের সঙ্গে পারিবারিক নানা বিষয় নিয়ে তার বিরোধ চলছিল। এর আগে বিষয়টি থানা পুলিশের মাধ্যমে একবার মীমাংসা করা হয়েছিল বলে জানা গেছে।
নিহতের শ্বশুর নীরা মাঝি দাবি করেন, ঝরনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে নিহতের বাবা পরিতোষ শিয়ালী অভিযোগ করে বলেন, ঘটনাটি রহস্যজনক। শ্বশুরবাড়ির সঙ্গে পূর্বের বিরোধ থাকায় তার মেয়েকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ঝরনা শান্ত ও ভদ্র স্বভাবের নারী ছিলেন। তার এ মৃত্যু স্বাভাবিক বলে মনে করছেন না অনেকে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএন