মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়
এপ্রিল ২৮, ২০২৬, ০৮:৫৮ পিএম
‘তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন’ এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় অনুষ্ঠিত হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব।
মঙ্গলবার বোদা সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বাছাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম।
এছাড়াও উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু ওয়ারেজ, ক্রীড়া সংগঠক মোফাজ্জল হোসেন বিপুল এবং রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে বালক ও বালিকাদের জন্য নির্ধারিত ৮টি ইভেন্টের খেলোয়াড় বাছাই করা হয়। এর মধ্যে ফুটবল, ক্রিকেট এবং দৌড় প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে খুদে খেলোয়াড়রা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য এটি একটি টেকসই রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আয়োজকরা জানান।
উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তুলে আনার লক্ষ্যেই সরকারের এই মহতী উদ্যোগ। আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে যোগ্য খেলোয়াড়দের নির্বাচন করার চেষ্টা করছি, যাতে তারা জাতীয় পর্যায়ে বোদা উপজেলার গৌরব বয়ে আনতে পারে।
জেএইচআর