ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৬, ০২:১০ পিএম
পাবনার ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান। এ সময় বক্তারা বলেন, অপুষ্টি রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একটি স্বনির্ভর ও সুস্থ জাতি গঠনে সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা। এছাড়াও স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সপ্তাহব্যাপী এই কার্যক্রমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ এবং সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতার বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে পুষ্টি বিষয়ে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে, পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জেএইচআর