গাজীপুর প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৬, ০৬:২৭ পিএম
নতুন নতুন উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করার পাশাপাশি মেধাসম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬’ পালিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) মিলনায়তনে এ উপলক্ষে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ছিল- ‘আইপি অ্যান্ড দ্য এসডিজি: বিল্ডিং আওয়ার কমন ফিউচার উইথ ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি’। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. সিদ্দিকা আক্তার লাইজু। তিনি প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ও ডিজাইনসহ মেধাসম্পদ অধিকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, উদ্ভাবন ও সৃজনশীল কাজকে আইনি কাঠামোর মাধ্যমে সুরক্ষিত করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গবেষকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সদস্য ড. নাজমুন নাহার। তিনি বলেন, গবেষণা ও সৃজনশীল কর্মকে কেবল ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না রেখে সেটির মেধাসম্পদ স্বত্ব (IPR) নিশ্চিত করা জরুরি, যাতে উদ্ভাবক তাঁর প্রাপ্য মর্যাদা ও সুরক্ষা পান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন হক এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. মতিউর রহমান খান। সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রায় ৮০ জন গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে জানানো হয়, গাকৃবি কর্তৃপক্ষ গবেষকদের মেধাসম্পদ সুরক্ষায় সব ধরনের সহায়তা প্রদান করবে। আলোচনা শেষে একটি প্রশ্নোত্তর পর্বে মেধাসম্পদ নিবন্ধনের জটিল প্রক্রিয়াগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, মেধাসম্পদ সুরক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্ব মেধাসম্পদ সংস্থা (WIPO) ২০০০ সাল থেকে প্রতি বছর ২৬ এপ্রিল বিশ্বজুড়ে এই দিবসটি পালন করে আসছে।
জেএইচআর