জসিম উদ্দিন, তালতলী (বরগুনা)
মে ২, ২০২৬, ০৪:৩৫ পিএম
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (EGPP) প্রকল্পের আওতায় বরগুনার তালতলীতে খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুর পাড়া এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম।
প্রকল্পের আওতায় বড়বগী-ছাতনপাড়া খালের ৫ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। এই খালটি খনন করা হলে বড়বগী ও ছোটবগী ইউনিয়নের কয়েক হাজার প্রান্তিক কৃষক শুষ্ক মৌসুমেও নির্বিঘ্নে চাষাবাদ করতে পারবেন। এতে সেচ খরচ হ্রাসের পাশাপাশি ফসল উৎপাদন দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এই পুনঃখনন কর্মসূচি কৃষি ও অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। এটি কেবল সেচ সুবিধাই নয়, বরং স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা দেশের কৃষিখাতে খাল খননের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, স্থানীয় জনগণকে সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এই উদ্যোগ টেকসইভাবে বাস্তবায়িত হলে দেশে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব। এটি পানি সম্পদ ব্যবস্থাপনা ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তালতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল হক, যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. আফজাল হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-মাসুম প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেএইচআর