মেহেরপুর প্রতিনিধি
মে ৩, ২০২৬, ০২:৩২ পিএম
মেহেরপুরের গাংনীতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের ক্লাবপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা খাতুন নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
নিহিত এনামুল হক সাহারবাটি গ্রামের মৃত নজের আলীর ছেলে। আহত মনোয়ারা খাতুন বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হক ক্লাবপাড়া এলাকার মিঠুর দোকানের টিনের ছাউনি দেওয়ার কাজ করছিলেন। কাজ করার সময় টিনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় এনামুলকে বাঁচাতে গিয়ে মনোয়ারা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেএইচআর