কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
মে ৪, ২০২৬, ০৯:৩১ পিএম
সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান এবং প্রয়াত জননেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বিথিকা বিনতে হোসাইন।
সোমবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ শেষে তিনি অন্যান্য নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে শেরেবাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে জিয়ারত করেন।
শপথ গ্রহণের প্রতিক্রিয়ায় বিথিকা বিনতে হোসাইন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাকে যে পবিত্র দায়িত্ব দিয়েছেন, তা যেন সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। দেশ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার জন্য আমি সকলের দোয়া কামনা করছি।
তার শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়তেই লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) এলাকায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ ও দলীয় কর্মীরা তাকে ঘিরে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন। অনেকের মতে, শফিউল বারী বাবুর অকাল প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছিল, বিথিকা বিনতে হোসাইন তা পূরণে এক নতুন আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন।
এমপি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছে রামগতি পৌর ছাত্রদল, কমলনগর উপজেলা মৎস্যজীবী দল এবং সামাজিক সংগঠন ‘কমলনগর আলোর কাফেলা’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এক যৌথ বিবৃতিতে তারা আশা প্রকাশ করে বলেন, বিথিকা বিনতে হোসাইন মরহুম শফিউল বারী বাবুর আদর্শ ধারণ করে দলকে আরও সুসংগঠিত করবেন এবং রামগতি-কমলনগরের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবেন।
উল্লেখ্য, স্বামীর মৃত্যুর পর থেকেই বিথিকা বিনতে হোসাইন স্থানীয় মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশ নিয়ে কাজ করে আসছেন। সংরক্ষিত নারী আসনে তার অন্তর্ভুক্তি উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও জনদাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
এম জি