বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
মে ৫, ২০২৬, ০৮:২৫ পিএম
ফরিদপুরের নগরকান্দায় গণপিটুনিতে নিহত ট্রাকচালক মো. হান্নান শেখের দুই বছর বয়সী এতিম কন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছে সরকার। দৈনিক আমার সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তার জন্য উপহার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান নিহত হান্নান শেখের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব সহায়তা তুলে দেন। এ সময় শিশু মুসলিমার দাদা মো. শাহিদ শেখের হাতে নগদ অর্থ, কাপড়চোপড়, খেলনা, শিশুখাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. কারিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বোসসহ অন্যান্য কর্মকর্তারা। ইউএনও পরিবারটির খোঁজখবর নেন এবং শিশু মুসলিমার ভবিষ্যৎ, লালন-পালন ও শিক্ষার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
জানা যায়, গত শুক্রবার রাতে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় মব সৃষ্টি করে ট্রাকচালক মো. হান্নান শেখকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়। তার মৃত্যুতে একমাত্র কন্যা মুসলিমা (২) এতিম হয়ে পড়ে। মাত্র ২১ দিন বয়সে তার মা তাকে ফেলে চলে যান, ফলে সে বাবাকে হারিয়ে চরম অসহায় হয়ে পড়ে।
ঘটনাটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোমবার ইউএনওকে শিশু মুসলিমার পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে সহায়তা পৌঁছে দেওয়া হয়।
নিহত হান্নানের পিতা শহিদ শেখ জানান, গত রোববার তিনি বাদী হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তিনি বলেন, ন্যায়বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অন্যদিকে, নিহতের বোন সুমাইয়া পারভিন অভিযোগ করেন, মামলা করার পর থেকে পরিবারকে হত্যাসহ নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে।
সাতৈর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও পরিবারটিকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সারা বছর সহযোগিতার জন্য ভাতা কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়েছে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।
ইউএনও এস এম রকিবুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে আমরা শিশু মুসলিমার পরিবারের পাশে দাঁড়িয়েছি। তার ভবিষ্যৎ ও লালন-পালনে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
এম জি