সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
মে ৭, ২০২৬, ০৪:০৯ পিএম
কুড়িগ্রামে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে ৩৯ জনকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশের টিআরসি পদের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৫ থেকে ১৭ এপ্রিল মাঠ পর্যায়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় ৩৪১০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫১৪ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন এবং গত ২৭ এপ্রিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৫ জনের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা গতকাল (৬ মে) সম্পন্ন হয়। চুড়ান্ত ফলাফলে মেধা তালিকার ভিত্তিতে ৩৯ জনকে নির্বাচিত এবং ৮ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম বলেন, আপনারা যারা আজ নির্বাচিত হয়েছেন, তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এসেছেন। আগামীতে বাংলাদেশ পুলিশের সদস্য হয়ে আপনাদের দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। তিনি অনুত্তীর্ণ প্রার্থীদের হতাশ না হয়ে ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতির পরামর্শ দেন।
ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের মধ্যে আনন্দ ও আবেগঘন পরিবেশ তৈরি হয়। সাধারণ ও নিম্নবিত্ত পরিবার থেকে আসা অনেক প্রার্থী কেবল মেধা ও যোগ্যতায় বিনা তদবিরে চাকরি পেয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। মাত্র সরকারি ফি দিয়ে পুলিশের মতো মহান পেশায় যুক্ত হওয়ার সুযোগ পাওয়ায় তারা বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফলাফল ঘোষণা ও অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল এবং নিয়োগ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর