গাজীপুর প্রতিনিধি
মে ৮, ২০২৬, ০৬:০১ পিএম
আন্তর্জাতিক ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ফর ইনোভেশন (WUR)’ ২০২৬-এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। উদ্ভাবনী কর্মকাণ্ডে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের দরবারে দেশের সুনাম বৃদ্ধি করেছে।
প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, “অর্থনৈতিক উন্নয়নে প্রযুক্তি হস্তান্তর” ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩তম স্থান লাভ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া বিশ্বের শীর্ষ ৫০০টি উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক তালিকায় ৪৭১তম স্থানে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র গাকৃবি-ই এই তালিকায় স্থান পেতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য যে, গত বছরও এই র্যাংকিংয়ের শীর্ষ ১০০-এর তালিকায় ৭৭তম অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রযুক্তি হস্তান্তর ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি ৫৪ ধাপ এগিয়েছে। এছাড়া ইউএস নিউজ, কিউএস এবং টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতেও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে এই প্রতিষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের এই গৌরবময় অর্জনে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এই সাফল্য আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম ও গবেষণার ফসল। গবেষণাকে দেশের বাস্তব উন্নয়নে কাজে লাগানোই আমাদের মূল লক্ষ্য। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের গবেষণার মান ও স্পৃহাকে আরও সুদৃঢ় করবে।
জেএইচআর