কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
মে ১২, ২০২৬, ০৫:৪০ পিএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড। মঙ্গলবার দিনব্যাপী মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য অফিসার আশ্রাফুল ইসলাম সরকার জানান, দিনব্যাপী অভিযানে প্রায় ১ লক্ষ ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এই জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। অভিযানের সময় জাটকা নিধনে ব্যবহৃত এসব জাল জেলেদের নৌকা থেকে উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জালগুলো নদীর তীরে এনে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে এই অভিযানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান। এছাড়া উড়িরচর কোস্ট গার্ডের পেটি অফিসার মো. খলিলুর রহমানসহ কোস্ট গার্ডের সদস্যরা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এই অভিযান চালানো হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন ও অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতে আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।
জেএইচআর