সাইফুল ইসলাম, কাউনিয়া (রংপুর)
মে ১৫, ২০২৬, ০৬:৩১ পিএম
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি অংশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনাসহ পানি জমে থাকায় সেখানে মশার প্রজনন কেন্দ্র তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় রোগী, স্বজন ও স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে।
শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার খোলা অংশজুড়ে কালচে পানি জমে রয়েছে।
পানির মধ্যে শুকনো পাতা ও বিভিন্ন ধরনের আবর্জনা ভাসতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় সেখানে ইতোমধ্যে মশার লার্ভা সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
হাসপাতালে সেবা নিতে আসা জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, কর্তৃপক্ষের নজরদারি ও দায়িত্বে অবহেলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে এসে উল্টো ঝুঁকির মধ্যে পড়ছেন।
আরেক ভুক্তভোগী রুহুল আমিন বলেন, “নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
স্থানীয়দের দাবি, হাসপাতাল রোগীদের চিকিৎসাসেবার একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানে এমন অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দিতে পারে। তাই দ্রুত পানি অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত এবং নিয়মিত তদারকির দাবি জানান তারা।
এ বিষয়ে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর