বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মে ১৬, ২০২৬, ০৪:১৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি।
বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন, মাদক ও নারী ধর্ষণের মতো অপরাধকে কোনোভাবেই পৃষ্ঠপোষকতা বা প্রশ্রয় দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনীসহ প্রশাসনকে এই বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বাঞ্ছারামপুরের সব রাজনৈতিক দল ও প্রশাসনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। একই সাথে মাদক নির্মূলে স্বাধীনভাবে ভূমিকা রাখার এবং কোনো মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় না দেওয়ার তাগিদ দেন। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য এমএ খালেক পিএসসি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ আব্দুর রউফ।
এছাড়া আরও বক্তব্য দেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদসহ অনেকে।
বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করতে হবে। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেএইচআর