রাজবাড়ী প্রতিনিধি
মে ২১, ২০২৬, ০৫:২৮ পিএম
রাজবাড়ীর পাংশা থেকে হত্যা, অস্ত্র, ডাকাতি ও মারামারিসহ ১৬টি মামলার আসামি সালমান শাহ (২৯) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
গ্রেপ্তারকৃত সালমান শাহ পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গী এলাকার মো. আ. সাত্তার ওরফে লম্বা সাত্তারের ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে ৩টি অস্ত্র, ২টি হত্যা, ২টি ডাকাতির প্রস্তুতি, ১টি ডাকাতি, ৭টি মারামারি ও ১টি বিস্ফোরক আইনের মামলা রয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘আসামি সালমান শাহ একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার খামারডাঙ্গী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ স্কোয়াডের মাধ্যমে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।’
জেএইচআর