জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল (খাগড়াছড়ি)
মে ২৩, ২০২৬, ০৮:৩২ পিএম
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়।
কৃষকদের হাতে উপকরণ তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সাহাবুদ্দিন আহমেদ। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আব্দুল্লাহ আল মাসুম।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার মোট ৫০ জন প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেওয়া হয়েছে। উপকারভোগী প্রত্যেক কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ২০০ গ্রাম বালাইনাশক এবং বীজতলার ছাউনি তৈরির জন্য প্রয়োজনীয় পলিথিন দেওয়া হয়।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সাহাবুদ্দিন আহমেদ জানান, সরকারের কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে রবি মৌসুমের বাইরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদকে জনপ্রিয় করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে পেঁয়াজের আমদানি নির্ভরতা কমে আসবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।
তিনি আরও বলেন, মাটিরাঙ্গার মাটি ও আবহাওয়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য বেশ উপযোগী। কৃষকেরা যেন সঠিক উপায়ে উৎপাদন বৃদ্ধি করতে পারেন, সে লক্ষ্যে মাঠ পর্যায়ে তাঁদের আধুনিক প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
জেএইচআর