নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মে ৩০, ২০২৬, ০৯:০২ পিএম
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে “মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান” শীর্ষক এই কার্যক্রমের আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
অভিযানের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের ঝোপঝাড়, ড্রেন এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
এই সময় ইউএনও মো. এরফান উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের একক প্রচেষ্টায় নয়, বরং সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই মশাবাহিত রোগের বিস্তার রোধ করা সম্ভব। তিনি নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
উদ্যোগটিতে স্থানীয় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাঁরা কোদাল, কাস্তে ও ঝাড়ুসহ বিভিন্ন উপকরণ নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন।
উপজেলা প্রশাসনের এই সচেতনতামূলক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁরা মনে করেন, এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে ইউনিয়ন ও গ্রামীণ পর্যায়ে ছড়িয়ে দেওয়া গেলে ডেঙ্গু প্রতিরোধে তা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
জেএইচআর