নুরুজ্জামান শেখ, শরীয়তপুর
জুন ৩, ২০২৬, ০৭:২২ পিএম
শরীয়তপুরের পালং বাজারে ভেজালমুক্ত খাদ্যপণ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে।
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তহিদুর রহমান ও নুসরাত জাহান আরবি, এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
অভিযানকালে পালং বাজারের শ্রীকৃষ্ণ বণিকের দোকানে ক্ষতিকারক নিষিদ্ধ কৃত্রিম রং মিশ্রিত চিপস রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ৩,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানদারকে সতর্ক করে বলা হয়, ভোক্তাদের কাছে কোনো ধরনের ক্ষতিকারক বা ভেজালযুক্ত খাদ্যপণ্য বিক্রি করা যাবে না।
দোকানদার জিতু গণমাধ্যমকে বলেন, তার দোকানে নিষিদ্ধ রং মেশানো চিপস রাখার কারণে ৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তহিদুর রহমান বলেন, আমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান আরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসকে সঙ্গে নিয়ে পালং বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করি। এ সময় একটি দোকানে নিষিদ্ধ কৃত্রিম রং মেশানো চিপস বিক্রির অপরাধে জরিমানা আরোপ করা হয়।
এম জি