গাজীপুর প্রতিনিধি
জুন ১৪, ২০২৬, ০৫:২০ পিএম
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রো-ভিসি নিয়োগকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বহিরাগত নিয়োগের প্রজ্ঞাপন প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যোগ্য শিক্ষকদের মধ্য থেকে প্রো-ভিসি নিয়োগের দাবিতে শিক্ষক সমিতি প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে শিক্ষক সমিতির উদ্যোগে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতির সদস্যদের পাশাপাশি বিভিন্ন অনুষদ ও বিভাগের বিপুলসংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন। পরে শিক্ষক সমিতির উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং ভবনটি প্রতীকীভাবে অবরোধ করা হয়।
সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকদের সমন্বয়ে একটি শক্তিশালী একাডেমিক নেতৃত্ব গড়ে উঠেছে। এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও অন্য বিশ্ববিদ্যালয় থেকে কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানের মর্যাদা, স্বার্থ ও আত্মপরিচয়ের পরিপন্থী।
গাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আজ দেশের অন্যতম উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এখানে যোগ্যতা, নেতৃত্ব ও গবেষণার সক্ষমতায় সমৃদ্ধ বহু শিক্ষক রয়েছেন। তাঁদের উপেক্ষা করে বহিরাগত কাউকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে প্রো-ভিসি নিয়োগের জোর দাবি জানান।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নাসরিন আক্তার আইভী বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটি নবীন ও দ্রুত অগ্রসরমান প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের যোগ্যতা ও মেধা দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এমন একটি প্রতিষ্ঠানে বহিরাগত প্রো-ভিসি নিয়োগ শিক্ষকদের প্রত্যাশা ও বিশ্ববিদ্যালয়ের কর্মপরিবেশের সঙ্গে সাংঘর্ষিক।
উল্লেখ্য, গত ৭ জুন বহিরাগত প্রো-ভিসি নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশের পর থেকেই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছে। শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের মতামত ও স্বার্থ উপেক্ষা করে এই নিয়োগ কার্যকর করার যেকোনো প্রচেষ্টা শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।
জেএইচআর