মহসিন তালুকদার, মাদারীপুর
জুন ১৭, ২০২৬, ০৪:০৫ পিএম
মাদারীপুর সরকারি কলেজের আয়োজনে ‘মানবপাচার, মাদক, কিশোর গ্যাং, খাদ্যে ভেজাল, কৃত্রিম মূল্যবৃদ্ধি, ডেঙ্গু ও হাম-রুবেলা প্রতিরোধ’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলেজ ক্যাম্পাসের হলরুমে ছাত্র, শিক্ষক ও জেলা প্রশাসনের সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়। একই সাথে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় এক দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান খানের সভাপতিত্বে এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত ছাত্র-শিক্ষক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের ওপর এমন সময়োপযোগী আলোচনা সভার আয়োজন করায় তিনি কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ সামাজিক অবক্ষয় ছড়িয়ে পড়েছে। মাদক, কিশোর গ্যাং, মানবপাচার, খাদ্যে ভেজাল, কৃত্রিম মূল্যবৃদ্ধি, চাঁদাবাজি ও সন্ত্রাস সর্বত্র আশঙ্কাজনকভাবে দেখা যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার ও প্রশাসনের পাশাপাশি ছাত্র, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ সচেতন নাগরিক সমাজের প্রত্যেকের ব্যাপক ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর এবং তরুণ ও যুবসমাজই দেশের আগামীর ভবিষ্যৎ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সমাজ ও আগামীর সুন্দর প্রজন্ম গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি সামাজিক অবক্ষয় প্রতিরোধে তরুণদের নৈতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের আহ্বায়ক প্রফেসর মো. আল মামুন, উপাধ্যক্ষ প্রফেসর লিটন মোল্লা, শিক্ষক পরিষদ সম্পাদক আবু তৌফিক আহম্মেদ, অধ্যাপক মো. সাইদুর রহমান এবং সহকারী অধ্যাপক শরীফ মো. হুব্বুল কবীর।
এছাড়াও গণমাধ্যমকর্মীদের মধ্যে এনটিভির সাংবাদিক এম. আর. মুর্তজা, দৈনিক বাংলার শরীফ মো. ফায়েজুল কবীরসহ কলেজের অন্যান্য শিক্ষক এবং চার শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। সভা শেষে আসন্ন পরীক্ষায় পরীক্ষার্থীদের সফলতা এবং দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জেএইচআর