ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

সৌরশহর বিনির্মাণে সমন্বিত উদ্যোগের আহ্বান কেসিসি প্রশাসকের

নুরুল আমিন, খুলনা

নুরুল আমিন, খুলনা

জুন ১৭, ২০২৬, ০৬:০৬ পিএম

সৌরশহর বিনির্মাণে সমন্বিত উদ্যোগের আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমান সময়ে সৌরশক্তিকে কাজে লাগানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে একসময় গ্রামীণ হাট-বাজারে সোলারের ব্যাপক প্রচলন শুরু হলেও কারিগরিভাবে দক্ষ জনবলের অভাব এবং বিগত সরকারের অসহযোগিতার কারণে এই খাতটি হঠাৎ থমকে গেছে।

বুধবার দুপুরে নগরীর সোনাডাঙ্গাস্থ কেসিসি’র সোলার এনার্জি পার্কের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের গুরুত্ব: সমস্যা, সম্ভাবনা এবং করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে নাগরিক সংগঠন ‘পরিবেশ সুরক্ষা মঞ্চ’। বিকল্প জ্বালানি হিসেবে সোলার এনার্জি প্রশিক্ষণ কেন্দ্রটি পুনরায় চালুর লক্ষ্য নিয়ে ‘প্রকৃতিতে বাঁচি-প্রকৃতি বাঁচাই’ শিরোনামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

কেসিসি প্রশাসক তাঁর বক্তব্যে আরও বলেন, ইরান-আমেরিকা যুদ্ধ আমাদের উপলব্ধি করিয়েছে যে বিকল্প এনার্জি ছাড়া বর্তমান বিশ্বে চলা সম্ভব নয়। চীনের একটি কোম্পানি খুলনায় সোলার প্যানেল ম্যানুফ্যাকচার কোম্পানি স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে তিনি বলেন, বিনিয়োগকারীদের এই আগ্রহকে কাজে লাগাতে হবে। বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় বিচ্ছিন্নভাবে না চলে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি তিনি সবুজ শহরের পাশাপাশি সোলার শহর বিনির্মাণ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সোলার এনার্জি প্রশিক্ষণ কেন্দ্রটি পুনরায় চালু করার ঘোষণা দেন।

সেমিনারে বক্তারা বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি তেল, গ্যাস ও কয়লা আমদানির জটিলতা এবং উচ্চমূল্যের চিত্র তুলে ধরেন। তাঁরা জানান, জ্বালানি সংকটে অনেক শিল্প-কারখানা বন্ধের উপক্রম হয়েছে এবং সেচের অভাবে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর বিপরীতে বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে রিনিউয়েবল এনার্জি খাতে সর্বোচ্চ বিনিয়োগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সাথে সরকার ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সোলার যন্ত্রাংশ আমদানি শুল্কমুক্ত করেছে, যা এই খাতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. ইয়াহিয়া, কেডিএ’র প্রধান প্রকৌশলী মো. সাবিরুল আলম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ’র নির্বাহী পরিচালক মেরিনা যুথি।

জেএইচআর

Link copied!