আমার সংবাদ ডেস্ক
জুন ১৭, ২০২৬, ০৫:৩২ পিএম
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটির ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন এবং রুট পারমিট-সবগুলোরই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।
বুধবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিআরটিএ সূত্র জানায়, ঢাকা মেট্রো-১৫-৫৬৪৯ নম্বরের বাসটি গত ৫ জুন দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে ডুবে যায়। এ ঘটনায় চালক ও তার সহকারী আহত হন।
ঘটনার পর বিআরটিএর পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তথ্যভাণ্ডার যাচাই করে নিশ্চিত হন যে বাসটির সব অনুমোদনপত্রই মেয়াদোত্তীর্ণ ছিল। পরে বাসটির নিবন্ধন ও চালকের প্রশিক্ষণ-সংক্রান্ত অনুমোদন স্থগিত করা হয়।
এদিকে দুর্ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে ঘাট এলাকায় সিসিটিভি স্থাপন, পন্টুন ব্যবস্থাপনায় ত্রুটি সংশোধনসহ নিরাপত্তা জোরদারের সুপারিশ করা হয়েছে।
স্থানীয় হাইওয়ে থানার কর্মকর্তারা জানান, তদবির ও প্রভাবের কারণে অনেক সময় যানবাহনের ফিটনেস ও রুট পারমিট যথাযথভাবে যাচাই হয় না, যা নিয়মিত নজরদারি বাড়ালে কমানো সম্ভব।
এম জি