নুরুল আমিন, খুলনা
জুন ১৭, ২০২৬, ০৬:০৪ পিএম
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে বুধবার ‘কাস্টার ডেভেলপমেন্ট প্লান (সিডিপি) ইনকুডিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্লান (সিআইপি)’ শীর্ষক দিনব্যাপী একটি প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সকাল সাড়ে ৯টায় এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তাপুষ্ট ‘রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট’ (আরইউটিডি) প্রজেক্টের শর্ত মোতাবেক টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্যদের অংশগ্রহণে এই কর্মশালার আয়োজন করা হয়। নির্বাচিত ক্লাস্টারে অবস্থিত পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোতে জলবায়ু সহনশীল নগর অবকাঠামো গড়ে তোলা এবং নগর ব্যবস্থাপনার দক্ষতা জোরদার করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এর আওতায় বাংলাদেশের ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনকে নির্বাচিত করা হয়েছে।
উদ্বোধনকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, কমিটির সকলের সুচিন্তিত মতামতের ভিত্তিতেই উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে টেক্সটাইল মিলের অব্যবহৃত জমিতে একটি নভোথিয়েটার ও পার্ক এবং ৫ ও ৭নং ঘাট সংলগ্ন স্থানে আরেকটি পার্ক নির্মাণের প্রস্তাব শীঘ্রই পেশ করা হবে। এ ছাড়া ৪১৮ কোটি টাকা ব্যয়ে জিয়া হল কমপ্লেক্স নির্মাণ প্রকল্প দ্রুত অনুমোদনের আশা প্রকাশ করে তিনি বলেন, নগরীর বাজারগুলো আধুনিকায়নসহ নারী উদ্যোক্তা ও পাইকারী বাজারের জন্য পৃথক মার্কেট নির্মাণের কাজ চলছে।
কর্মশালায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, স্থানীয় সরকার-খুলনার উপপরিচালক মো: আরিফুল ইসলামসহ বিভিন্ন বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, গণমাধ্যম ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং কেসিসি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালাটি পরিচালনা করেন কেসিসি’র নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম।
জেএইচআর