বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
জুন ২০, ২০২৬, ০২:৫৪ পিএম
মৌলভীবাজারের বড়লেখায় ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার বড়লেখা পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুরের হুমকি এবং ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে অবমাননাকর কর্মকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উত্তাল এসব ঘটনার বিচার ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তার দাবি জানানো হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, পৌর কমিটির সদস্য সচিব উজ্জ্বল ঘোষ, উপজেলা কমিটির সহসভাপতি স্বপন দে, কোষাধ্যক্ষ মুক্তালাল বিশ্বাস ও সাংস্কৃতিক সম্পাদক তপন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্রান্ত চলছে। তাঁরা এই বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এসব কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে দেশের সকল মন্দির ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান তাঁরা।
জেএইচআর