রাকিবুল হাসান, রাজশাহী
জুন ২৪, ২০২৬, ০৫:২৮ পিএম
রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী আইনজীবী সহকারী সমিতি।
বুধবার দুপুরে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৭)-এর পক্ষ থেকে এই শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমিতির সভাপতি বজলুর রহমান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ সরদারের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের সদস্যরা প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দেন। শুভেচ্ছা ও ফুল দিয়ে বরণ করার পর তাঁরা সমিতির বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় সমিতির অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, আইনজীবী সহকারীরা আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী মানুষের আইনি সেবা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রশাসক আরও আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন কমিটি তাঁদের পেশাগত দক্ষতা, ঐক্য ও আন্তরিকতার মাধ্যমে সমিতির সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
জেএইচআর