আমার সংবাদ ডেস্ক
জুন ২৫, ২০২৬, ১১:২১ এএম
কুমিল্লায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক স্থানীয় নেতা প্রাণ হারিয়েছেন। নিহত নেতার নাম আবদুল্লাহ বিন জহির। তিনি ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার ২৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ রোডের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবদুল্লাহ বিন জহির কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়ক পার হচ্ছিলেন আবদুল্লাহ। এ সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় তিনি পিচঢালা সড়কে ছিটকে পড়েন এবং মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পরপরই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল সেন্টারে (টাওয়ার হাসপাতাল) নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবদুল্লাহ বিন জহিরের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা।
এক যৌথ শোকবার্তায় কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদ ও সেক্রেটারি নাজমুল হাসান বলেন, আবদুল্লাহ বিন জহিরের এমন চলে যাওয়া সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর আকস্মিক মৃত্যুতে ছাত্রশিবির একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে। ইসলামী আন্দোলনের পথে তাঁর অবদান ও স্মৃতি সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী রূহের মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতবাসী করার দোয়া করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
জেএইচআর