বরিশাল ব্যুরো
জুন ২৭, ২০২৬, ০৩:৪৫ পিএম
চলতি ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি.-এর বরিশাল সার্কেলাধীন অঞ্চল প্রধান, করপোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে এক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের বিডিএস ক্লাব মিলনায়তনে এই সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির এস্টাব্লিশমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মহাব্যবস্থাপক মু. আফজাল হোসেন।
সম্মেলনে অগ্রণী ব্যাংকের ব্যবসা খাতে কীভাবে আরও অগ্রগতি করা যায় এবং দেশের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলে স্বল্প সুদে ঋণ বিতরণের মাধ্যমে অর্থনীতির চালিকাশক্তিকে মজবুত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ারুল ইসলাম বর্তমান সরকারের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য অর্জনে অগ্রণী ব্যাংকের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও অগ্রসর করার জন্য কর্মকর্তাদের তাগিদ দেন। সম্মেলনে সার্কেলের আওতাধীন বিভিন্ন অঞ্চলের প্রধান ও শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।
জেএইচআর